October 25, 2026, 1:44 pm
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের।
রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক হাসান জুনাইদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোববার রাতেই বিটিভিতে মাওলানা মামুনুল হকের ভাষণ রেকর্ড করা হবে। তবে সম্প্রচারের সুনির্দিষ্ট সময়সূচি এখনো বিটিভি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়নি। ধারণা করা হচ্ছে, সোমবার সন্ধ্যায় ভাষণটি সম্প্রচার হতে পারে।
দলীয় সূত্র জানায়, গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফের স্বাক্ষরে নির্বাচন কমিশনের (ইসি) কাছে একটি চিঠির মাধ্যমে বিটিভিতে ভাষণের জন্য স্লট চেয়ে আবেদন করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় গণমাধ্যম হিসেবে বাংলাদেশ টেলিভিশন দেশের সর্বস্তরের মানুষের কাছে একযোগে বার্তা পৌঁছে দেওয়ার সবচেয়ে কার্যকর ও গ্রহণযোগ্য মাধ্যম। সে কারণে বিটিভির মাধ্যমে মাওলানা মামুনুল হকের বক্তব্য দেশব্যাপী জনগণের কাছে একই সময়ে প্রচার করা সহজ ও ফলপ্রসূ হবে বলে বাংলাদেশ খেলাফত মজলিস দৃঢ়ভাবে বিশ্বাস করে।
এদিকে শুধু মামুনুল হকের পক্ষ থেকেই নয়, বিটিভি ও বাংলাদেশ বেতারে ভাষণ প্রচারের জন্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামের পক্ষ থেকেও তাদের দলগুলো আবেদন করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এতে ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ভোটগ্রহণ চলবে।