October 25, 2026, 1:43 pm

চ্যালেঞ্জ এখন ‘পারফেক্ট ভোট’ : প্রধান উপদেষ্টা

চ্যালেঞ্জ এখন ‘পারফেক্ট ভোট’ : প্রধান উপদেষ্টা

সারা দেশে উৎসাহ-উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কোনো কটু বক্তব্য বা অভদ্র আচরণ না থাকায় এটিকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে উল্লেখ করেন তিনি।

 

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের কাছে তার বক্তব্য তুলে ধরেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, এখন পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি পর্ব অত্যন্ত ভালোভাবে সম্পন্ন হয়েছে। “আমরা সন্তুষ্ট, উই আর ভেরি হ্যাপি,” বলেন তিনি। তবে তার মতে, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভোট গ্রহণ প্রক্রিয়াকে নিখুঁত করা। “টু মেক ইট পারফেক্ট—ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ,” যোগ করেন তিনি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আগামী এক সপ্তাহ নির্বাচন প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, ভোট হবে উৎসবমুখর। নারীরা আনন্দের সঙ্গে ভোট দেবেন, মানুষ পরিবার নিয়ে ভোট উৎসবে অংশ নেবে। তার প্রত্যাশা, এই নির্বাচন দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচনকে নিরাপদ ও স্বচ্ছ করতে পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে। সারা দেশে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০টি বডি ওর্ন ক্যামেরা বিতরণ করা হচ্ছে। বৈঠকের শুরুতেই প্রধান উপদেষ্টা র‌্যান্ডমভাবে পাঁচটি জায়গায় দায়িত্বপ্রাপ্ত বডি ক্যামেরা বহনকারী পুলিশ সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ক্যামেরাগুলোর কার্যকারিতা যাচাই করেন।

তিনি আরও জানান, নির্বাচন সুরক্ষা অ্যাপ এখন পুরোপুরি চালু হয়েছে। এই অ্যাপটি কেবল নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যবহার করবেন। কোনো ভোটকেন্দ্রে বা কেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা কিংবা সহিংসতা হলে, অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী, রিটার্নিং অফিসার এবং কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশনের কাছে বার্তা পৌঁছে যাবে। এতে দ্রুত হস্তক্ষেপ ও পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব হবে।

শফিকুল আলম বলেন, এর আগে দুর্গাপূজার সময় একই ধরনের একটি অ্যাপ ব্যবহৃত হয়েছিল, যেখানে ৩২ হাজার মণ্ডপ এই অ্যাপের আওতায় আনা হয়। সে অভিজ্ঞতা অত্যন্ত সফল ও কার্যকর ছিল বলেও উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com