July 22, 2026, 4:45 am
লালমনিরহাট সদরের কালিবাড়ি খাদ্য গুদামের সামনের রাস্তার ওপর পড়েছিল মাত্র একদিন বয়সী নবজাতক মেয়ে শিশু। শিশুটিকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন একজন প্রত্যক্ষদর্শী। তিনি জানান, ঠান্ডায় শিশুটির শরীর নীল হয়ে গেলেও শিশুটি বেঁচে আছে। পরে পুলিশ ওই নবজাতকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।
তিনি বলেন, আজ (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, সেখানে খাদ্য গুদামের পাশে রাস্তার ওপর একটি নবজাতক শিশুকে কে বা কারা ফেলে রেখে গেছে। ঠান্ডায় শিশুটির শরীর নীল হয়ে গেলেও শিশুটি বেঁচে আছে।
কলটি রিসিভ করেছিলেন ৯৯৯-এর কনস্টেবল সজীব দাশ। তিনি তাৎক্ষণিক কলারের সঙ্গে লালমনিরহাট সদর থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেন।
খবর পেয়ে লালমনিরহাট সদর থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ৯৯৯-কে জানান, তারা একদিন বয়সী (আনুমানিক) নবজাতক মেয়ে শিশুকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহা আলম জানান, শিশুটির অবস্থা বর্তমানে ক্রিটিকাল হওয়ায় তাকে সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।