July 10, 2026, 10:58 am

গাজায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

গাজায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজা থেকে ইসরায়েল লক্ষ্য করে ছোড়া রকেট ভূমধ্যসাগরে পড়ে যাওয়ার একদিন পর শনিবার ইসরায়েল ওই হামলা চালিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, শনিবার ভোরের দিকে গাজা উপত্যকায় হামাসের রকেট উৎপাদন স্থাপনা এবং একটি সামরিক তল্লাশি চৌকিতে বিমান হামলা চালানো হয়েছে।

রোববার এক টুইটে ইসরায়েলে সেনাবাহিনী বলেছে, বিশ্বজুড়ে যখন নতুন বছর ২০২২ উদযাপনের জন্য আতশবাজি আকাশ আলোকিত করেছিল, সেই সময় গাজার সন্ত্রাসীরা ইসরায়েল লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে।

‘জবাবে আমরা গাজায় হামাসের রকেট উৎপাদন স্থাপনা এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত সামরিক চৌকিতে আঘাত করেছি।’

তবে শনিবার ইসরায়েলে আঘাত করার জন্য গাজা থেকে রকেট ছোড়া হয়ে ছিল কি-না সেটি স্পষ্ট নয়। কারণ গাজা-ভিত্তিক বিভিন্ন গোষ্ঠী প্রায়ই সমুদ্রে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়।

হামাসের মুখপাত্র হাজেম কাশেম বলেছেন, কৃষি জমিসহ বিভিন্ন এলাকা লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরায়েল। তিনি বলেছেন, জনগণকে রক্ষা এবং ভূমি ও পবিত্র স্থাপনাকে মুক্ত করার জন্য আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। আমরা জনগণের মুক্তি ও প্রত্যাবর্তনের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত প্রতিরোধ আন্দোলনের প্রতি অটল থাকব।

তবে শনিবারের হামলায় কোনও হতাহত হয়েছে কি-না তা জানা যায়নি। সাইরেনের শব্দও শোনা যায়নি। এছাড়া ইসরায়েলে আয়রন ডোমও মোতায়েন করা হয়নি বলে সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে।

সূত্র: আলজাজিরা, এএফপি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com