July 21, 2026, 5:09 pm

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড়: সেই মেয়র গ্রেফতার

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড়: সেই মেয়র গ্রেফতার

বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান চলাকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টরের ‘হোটেল ডি মেরিডিয়ান’ থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে পাঠানো হবে জামালপুরে। এর আগে শাহনেওয়াজকে গ্রেফতারে ওই হোটেল ঘিরে রাখে র‌্যাব। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

আটকের সময় নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তিনি নিয়মিত গাঁজা, হেরোইন, ফেনসিডিল সেবন করতেন বলে জানা গেছে। গতরাতেও তিনি মাদক সেবন করেছেন। হোটেলের যে কক্ষে ছিলেন আটকের সময় সেখানে মাদকের কিছু আলামতও পাওয়া গেছে।

একটি সূত্র জানায়, দেওয়ানগঞ্জের এই মেয়র প্রতিনিয়ত মাদক সেবন করতেন। বিশেষ করে হেরোইনে বেশি আসক্তি ছিলেন। গতরাতে হেরোইন সংগ্রহ করে তিনি সেবন করেছিলেন।

গত ১৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের পুষ্পস্তবক অর্পণের সময় নামের সিরিয়াল ঘোষণাকে কেন্দ্র করে বাধে বিপত্তি। সিরিয়ালে মেয়র শাহনেওয়াজ শাহানশাহ নাম থাকায় অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং চড় মারেন মেয়র। পরে লাঞ্ছিত শিক্ষা কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জানান এবং থানায় মামলা করেন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হলে পৌর মেয়রকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগেও তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। সর্বশেষ মেয়র পদ থেকেও তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com