July 17, 2026, 2:04 am
বিশেষ তহবিলের অধীনে ১২ হাজার কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ থাকলেও এখন পর্যন্ত ব্যাংকগুলো মাত্র এক হাজার ৯৯০ কোটি টাকা বিনিয়োগ করেছে। যা বিনিয়োগ সুযোগের মাত্র সাড়ে ১৬ শতাংশ। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, শেয়ারবাজারে অস্বাভাবিক দরপতনে ঠেকাতে গত বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করে বিশেষ বিনিয়োগ তহবিল গঠনের সুযোগ দেয়। ওই সার্কুলার অনুযায়ী নিজস্ব তহবিল থেকে অথবা কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করে ২০০ কোটি টাকা করে বিনিয়োগের সুযোগ দেয়া হয়। এই সুযোগের পর দেশের ৬০টি ব্যাংকের মধ্যে ৩২টি ব্যাংক চার হাজার ৫১০ কোটি টাকার তহবিল গঠন করে। আর এই তহবিল থেকে ওই ব্যাংকগুলো এক হাজার ৯৯০ কোটি টাকা বিনিয়োগ করেছে।
সরকারি চার ব্যাংক সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা মিলে শেয়ারবাজার বিশেষ তহবিলের অধীনে মোট ৭২০ কোটি টাকার তহবিল গঠন করেছে। তবে এখন পর্যন্ত বিনিয়োগ করেছে ৩১২ কোটি টাকারও কম, যা গঠিত তহবিলের ৪৩ শতাংশ।
বেসরকারি ২৮ ব্যাংক তিন হাজার ৭৯০ কোটি টাকার তহবিল গঠন করেছে। কিন্তু বিনিয়োগ করেছে এক হাজার ৬৭৮ কোটি টাকা, যা গঠিত তহবিলের ৪৪ শতাংশ। চাইলে এ ২৮ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের শেয়ারবাজার বিশেষ তহবিলের অধীনে পাঁচ হাজার ৬০০ কোটি টাকার বিনিয়োগ করতে পারে।
বিনিয়োগ করা ৩২ ব্যাংকের মধ্যে ১৭টি ২০০ কোটি টাকা করে বিনিয়োগ তহবিল গঠন করেছে। ২০০ কোটি টাকার তহবিল গঠনের সুযোগ থাকলেও ছয়টি ব্যাংক ১০০ থেকে ১২০ কোটি টাকার এবং বাকি নয় ব্যাংক ১০ থেকে ৮০ কোটি টাকার তহবিল গঠন করেছে।
এই ৩২ ব্যাংকের ১৯টিই গঠিত তহবিলের ৫০ শতাংশই ব্যবহার করেনি। আটটি ব্যাংক গঠিত তহবিলের ৮০ থেকে প্রায় শতভাগ বিনিয়োগ করেছে। যদিও এ আট ব্যাংক এক হাজার ৬০০ কোটি বিনিয়োগ তহবিল গঠনের সুযোগের বিপরীতে মাত্র ৬৪০ কোটি টাকার তহবিল গঠন করে ৫৯২ কোটি টাকা বিনিয়োগ করেছে।