August 28, 2026, 1:02 pm
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের জন্য এটি ছিল নিয়মরক্ষার ম্যাচ। আগেই বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় চিরশত্রু আর্জেন্টিনার বিপক্ষে নির্ভার হয়ে নামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে আর্জেন্টিনার জন্য ম্যাচটি ছিল বিশ্বকাপের মূল মঞ্চ নিশ্চিত করার সুযোগ।
বিশ্ব ফুটবলের অন্যতম বড় এই ম্যাচে হতাশ করেছে দুই দল। সুপারক্লাসিকো দে লাস আমেরিকাস নামে খ্যাত এই ম্যাচে নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারেনি ব্রাজিল ও আর্জেন্টিনা। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়েছে ম্যাচ।
আর্জেন্টিনার সান হুয়ান স্টেডিয়ামে স্বাগতিকদের হয়ে ম্যাচ শুরু করেন লিওনেল মেসি। চোট কাটিয়ে ফেরা আর্জেন্টাইন অধিনায়ক দারুণ ছন্দে ছিলেন প্রথম মিনিট থেকে।
ফলে ম্যাচে শুরুটা ভাল করে স্বাগতিক দল। তবে প্রথম সুযোগ তৈরি করে ব্রাজিল। ১৭ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের চিপ চলে যায় আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেসের মাথার ওপর দিয়ে।
দুই মিনিট পর সেন্টার সার্কেল থেকে লম্বা শট নিয়ে মার্তিনেসকে পরাস্ত করার চেষ্টা করেন ব্রাজিলের ফরোয়ার্ড ম্যাথেয়াস কুনিয়া। তার চেষ্টা সফল হয়নি।
বিরতির আগ দিয়ে আর্জেন্টিনা সুযোগ পায়। ব্রাজিলের বক্সের বাইরে থেকে নেয়া রদ্রিগো দে পলের শট ঠেকিয়ে দলকে নিরাপদে রাখেন ব্রাজিলের কিপার আলিসন। গোলশূন্য অবস্থাতে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধেও পাল্টায়নি ম্যাচের ছবি। দুই দলের অতিরিক্ত ফাউলের কারণে ছন্দ হারাচ্ছিল ম্যাচ। পুরো ম্যাচে সমান ২১টি করে ফাউল করে ব্রাজিল ও আর্জেন্টিনা। লাল কার্ড না আসলেও ম্যাচে হলুদ কার্ড ছিল ৭টি। যার ৪টি পায় স্বাগতিক দল। ৩টি গেছে সফরকারী দলের নামে।
এই অর্ধেও ব্রাজিল সুযোগ তৈরি করে। ৬১ মিনিটে ফ্রেডের নেয়া শট বারে লেগে প্রতিহত হলে হতাশ হতে হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এর ১০ মিনিট পর ভিনিসিয়াস বক্সের মধ্যে বল পেয়েও মার্তিনেসকে বোকা বানাতে পারেননি। স্কোরলাইন গোলশূন্যই থাকে।
স্বাগতিক আর্জেন্টিনাও চেষ্টা করে বারদুয়েক কিন্তু উল্লেখযোগ্য আক্রমণ রচনা করতে পারেনি। মেসির দলের কাছ থেকে আসেনি কোনো গোল।
ফলে গোলশূন্য অবস্থাতেই শেষ হয় দক্ষিণ আমেরিকা অঞ্চলের সবচেয়ে বড় এই ম্যাচ। ব্রাজিল আগেই বিশ্বকাপ নিশ্চিত করে ফেললেও আর্জেন্টিনাকে অপেক্ষায় থাকতে হচ্ছে।
জানুয়ারিতে বাছাইপর্বের সবশেষ রাউন্ড। সেবারই বিশ্বকাপ নিশ্চিত করার সুযোগ পাবে লিওনেল স্কালোনির শিষ্যরা।
ড্রয়ের ফলে ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে দুইয়ে থাকল আর্জেন্টিনা। সমান ম্যাচে শীর্ষে থাকা ব্রাজিলের সংগ্রহ ৩৫।