August 21, 2026, 7:56 am

বাংলাদেশে ভারতের বিনিয়োগ বহুগুণ বাড়বে: দোরাইস্বামী

বাংলাদেশে ভারতের বিনিয়োগ বহুগুণ বাড়বে: দোরাইস্বামী

ভারত সরকার বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়াতে চায় বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ-ভারতের বাণিজ্য বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

দোরাইস্বামী বলেন, বাংলাদেশের অবকাঠামো ও যোগাযোগে উন্নতি হচ্ছে। কিছু চ্যালেঞ্জ থাকলেও বাংলাদেশে আগামীতে ভারতের বিনিয়োগ ও বাণিজ্য বহুগুণ বাড়বে।

তিনি বলেন, ভারত-বাংলাদেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এ দেশ হচ্ছে ভারতের প্রথম সারির ব্যবসায়িক অংশীদার। সবচেয়ে বড় উন্নয়ন সহযোগীও বাংলাদেশ।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ-ভারত বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। দীর্ঘদিনের অনেক অমীমাংশিত সমস্যার সমাধান হয়েছে, পারস্পরিক সমঝোতার মাধ্যমে বাকিসমস্যাও মিটে যাবে।

 

মোংলা ও মিরসরাইয়ে ভারতের দুটি অর্থনৈতিক অঞ্চল হচ্ছে উল্লেখ করে দোরাইস্বামী বলেন, এ সব অর্থনৈতিক অঞ্চলে ভারতের বিভিন্ন খাতের উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। বিশেষ করে অটোমোবাইলের যন্ত্রাংশ, কৃষি যন্ত্রপাতি ও হালকা প্রকৌশল পণ্য উৎপাদন, খাদ্য প্রক্রিয়াকরণে আগ্রহ দেখাচ্ছেন অনেকে।

বাণিজ্য ঘাটতির বিষয়ে দোরাইস্বামী বলেন, পণ্য বৈচিত্রকরণ হলে ভারতেও রপ্তানি বাড়বে, ঘাটতি অনেক কমে যাবে।

বাংলাদেশের তথ্য প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে শিগগিরই ভারত সরকারের অর্থায়নে রংপুর আইটি পার্কের কার্যক্রম শুরুর কথা জানান ভারতীয় হাইকমিশনার।

মতবিনিময় সভার শুরুতে বাংলাদেশ-ভারতের মধ্যে দ্বি-পাক্ষিক ব্যবসা-বাণিজ্যে প্রতিবন্ধকতা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সায়েদুজ্জামান, সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।

ব্যবসায়ী নেতারা বলেন, বাংলাদেশের প্রধান প্রধান রপ্তানি পণ্যের ওপর রাজ্য সরকারের আরোপিত শুল্ক ও অশুল্ক বাধার কারণে ভারতে কাঙ্খিত রপ্তানি কার্যক্রম পরিচালনা সম্ভব হচ্ছে না।

এ ছাড়া ব্যবসায়ী নেতারা পণ্য খালাস সুবিধায় ভারতীয় কাস্টমস কার্যালয় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চালু রাখা এবং সহায়ক ব্যবসায়ীক পরিবেশ সৃষ্টির জন্য ভারতীয় হাই কমিশনারকে অনুরোধ জানান।

সভায় উপস্থিত ছিলেন, রংপুর চেম্বারের বর্তমান ও সাবেক কর্মকর্তা ও পরিচালক, বিভাগের আট জেলার চেম্বারের নেতা, ব্যবসায়ী ও শিল্পপতি এবং আমদানি-রপ্তানিকারকরা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com