August 23, 2026, 10:02 am

এসডিজি অর্জনে জাতিসংঘের সহায়তা চাইল এফবিসিসিআই

এসডিজি অর্জনে জাতিসংঘের সহায়তা চাইল এফবিসিসিআই

এলডিসি থেকে উত্তরণের পর দেশের বেসরকারিখাতকে যেসব চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তা মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চেয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি মন্তব্য করেন, এতে উত্তরণের পর চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনও সহজ হবে।

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর দেশের বেসরকারিখাতকে যেসব চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তা মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চেয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই। বিশেষ করে দক্ষতা বাড়াতে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কাছে কারিগরি সহায়তা চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘নিউ ওয়ার্ল্ড, নিউ হোপ: জাতিসংঘ ও বাংলাদেশ’ সম্মেলনে এসব কথা বলেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি মন্তব্য করেন, এতে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনও সহজ হবে।

নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সহায়তায়, জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনের সাইড লাইনে আয়োজিত এ সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশীস।

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র রয়েছেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ভারতে বাংলাদেশী শরনার্থী ও পরবর্তীতে দেশে ফেরার পর তাদের পুনর্বাসনে জাতিসংঘের সহায়তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, স্বাধীন দেশ হিসেবে জন্মলাভের পর থেকেই জাতিসংঘের সঙ্গে সুসম্পর্ক রয়েছে বাংলাদেশের।

‘১৯৭৪ সালের ২৪শে সেপ্টেম্বর, সংস্থাটির ২৯তম সাধারণ অধিবেশনে জাতির পিতা বঙ্গবন্ধুর বাংলায় দেয়া ভাষণের মাধ্যমে এই সম্পর্ক আরও সুদৃঢ় হয়।’

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে, বিশেষ করে দারিদ্র দূরীকরণ, টেকসই উন্নয়ন কৌশল, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা, মাতৃ ও শিশু উন্নয়ন, টিকাদান, যুব উন্নয়ন, নারী ক্ষমতায়ন, শিক্ষা, শিল্পোন্নয়ন, দক্ষতা বাড়ানো, স্বাস্থ্য সেবা ও গবেষণা খাতে জাতিসংঘের অবদানের কথা উল্লেখ করেন এফবিসিসিআই সভাপতি।

এফবিসিসিআই সভাপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনা ও নীতিকৌশলের মাধ্যমে বাংলাদেশ দ্রুতই অর্থনীতি পুনরুদ্ধারের পথে এগুচ্ছে। দারিদ্র বিমোচন, শিশু ও মাতৃমৃত্যুহার কমানো, গড়আয়ু বৃদ্ধি, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, মাথাপিছু গড় আয় বৃদ্ধি, অর্থনৈতিক স্থিতিশীলতা, টেকসই প্রবৃদ্ধিসহ আর্থ-সামাজিক সব সূচকে অগ্রগতি অব্যাহত রাখার মাধ্যমে বাংলাদেশ এসডিজি অর্জন করবে।

সম্মেলনে এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি মো. আমিনুল হক, সালাহউদ্দিন আলমগীর, এম এ রাজ্জাক খান, চেজ পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এম নাঈমুর রহমান, বায়রা’র সাবেক সভাপতি বেনজীর আহমেদসহ এফবিসিসিআিই নেতারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে অনলাইনে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিস্টার আর্ল আর মিলার।

সম্মেলনে সভাপতিত্ব করেন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড ইনকরপোরেশনের নেতা ও গ্রেটার নিউ ইয়র্ক চেম্বারের সদস্য শেকিল চৌধুরী।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com