August 16, 2026, 1:47 am

সাবিলা নূর একজন এমএলএম ব্যবসায়ী!

সাবিলা নূর একজন এমএলএম ব্যবসায়ী!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। নাটক-টেলিফিল্মের ব্যস্ততায় কাটে তার সময়। ফলে তার অর্থ সম্পদ খুব একটা কম নয়। কিন্তু তিনিই কিনা নামলেন মাল্টি লেভেল মার্কেটিং বা এমএলএম ব্যবসায়! বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ধনী বানানোর লোভ দেখাচ্ছেন!

শুনে অবাক হওয়ার প্রয়োজন নেই। কারণ এমনটা তিনি নাটকেই করছেন। বেসরকারি টিভি চ্যানেল এনটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘হাউস নং ৯৬’-এ যুক্ত হয়েছেন সাবিলা। এতে তার চরিত্র হলো একজন নারী এমএলএম ব্যবসায়ী। সম্প্রতি উত্তরার একটি শুটিং হাউসে নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।

নাটকে সাবিলা নূরের চরিত্র সম্পর্কে এর নির্মাতা মাহমুদুর রহমান হিমি বলেন, দেখা যাবে সাবিলা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ভাড়াটিয়াদের বড়লোক করে দেওয়ার লোভ দেখাচ্ছেন। তার কাছে টাকা দিলে কয়েক দিন পরই তা ডাবল হয়ে যাবে। কেউ কেউ তার ফাঁদে পা দিচ্ছেন, আবার কেউ দিচ্ছেন না। এমন নাটকীয়তা দেখা যাবে।

উল্লেখ্য, ‘হাউস নং ৯৬’ নাটকের গল্পভাবনা মাহমুদুর রহমান হিমির। চিত্রনাট্য লিখেছেন তাসদিক শাহরিয়ার। এ নাটকে ছোট পর্দার অধিকাংশ জনপ্রিয় তারকার সমন্বয় ঘটছে। এ পর্যন্ত ধারাবাহিকটিতে অভিনয় করেছেন কচি খন্দকার, মনিরা আক্তার মিঠু, আল মামুন, আফরিন শেখ রাইসা, তানিয়া বৃষ্টি, সৈয়দ জামান শাওন, রুকাইয়া জাহান চমক, সাজ্জাদ হাসান রাজ, মাশরুর ইনান, রকি খান, মিলি বাশার, হারুন রশীদ প্রমুখ। সামনের পর্বগুলোতে আরও অনেকেই যুক্ত হবেন বলে জানিয়েছেন নির্মাতা।

প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে এনটিভিতে প্রচার হয় ‘হাউস নং ৯৬’।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com