August 16, 2026, 1:43 am

যারা প্রভু রাষ্ট্র মনে করতো, তারা এখন বন্ধুর মতো আচরণ করে

যারা প্রভু রাষ্ট্র মনে করতো, তারা এখন বন্ধুর মতো আচরণ করে

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, গত ১২ বছরে আমাদের অর্থনৈতিক উৎকর্ষতা বিশ্বব্যাপী সমাদৃত। এক সময় উন্নত বিশ্বের যেসব দেশ প্রভু রাষ্ট্রের মতো আচরণ করতো, এখন তারা বন্ধুর মতো আচরণ করে।

বুধবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘বিনিয়োগ অগ্রাধিকার, মুজিববর্ষে বিডার অঙ্গীকার’ প্রতিপাদ্য সামনে রেখে আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে বেলা ১১টায় সভা শুরু হয়।

সভায় আহমদ কায়কাউস বলেন, বিদেশি বিনিয়োগের আগে আমাদের দেখতে হবে ওই সেক্টরে জনগণ ও দেশ কতটুকু লাভবান হচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রে এখন দুর্বল সেক্টরগুলো চিহ্নিত করতে হবে। সেসব খাতে আমাদের বেশি করে বিনিয়োগ আহ্বান করতে হবে। জনশক্তি, জনসম্পদ ও অর্থনৈতিক উৎকর্ষতার কারণে আমাদের এখন বিদেশিদের ওপর নির্ভর করতে হবে না।

বিদেশিরা এ দেশে বিনিয়োগ করতে প্রস্তুত জানিয়ে তিনি বলেন, আমাদের বিনিয়োগ বাধাগুলো দূর করতে হবে। বর্তমানে বাংলাদেশে যে উন্নয়নের ধারা তৈরি হয়েছে তা সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যেতে হবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, শুধু ইওডিবি, ওএসএস কিংবা বিদেশি বিনিয়োগ প্রমোট করাই বিডার কাজ নয়। বিনিয়োগ বিকাশের লক্ষ্যে স্থানীয় বিনিয়োগসহ উন্নত বিনিয়োগ পরিবেশ বিনির্মাণ, বিশ্বমানের বিনিয়োগ সুযোগ-সুবিধা দিয়ে সম্মিলিতভাবে আমাদের কাজ করতে হবে।

তিনি বলেন, আমাদের জনশক্তিকে জনসম্পদ হিসেবে ভালোভাবে কাজে লাগাতে হবে। বিনিয়োগ বাড়াতে ডিজিটাল সার্ভিস দিতে হবে। একই সঙ্গে গ্রহীতাকেও ডিজিটাল সেবা নেওয়ার মানসিকতা থাকতে হবে।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা বলেন, একটা সময় ছিল যখন মানুষ ভিশন-২০২০, ডিজিটাল বাংলাদেশ, পদ্মা সেতু তৈরির কথা শুনে হাসাহাসি করতো। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী আমাদের আলো দেখিয়েছেন। তার দৃঢ় নেতৃত্বে তা বাস্তবায়ন করে আমাদের সাহস জুগিয়েছেন।

তিনি বলেন, মধ্য আয়ের দেশ থেকে এখন আমাদের যাত্রা উন্নত বিশ্বের দিকে। ২০৩১ সালে আমরা উচ্চ মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছি। সেই স্বপ্ন পূরণ করতে হলে বিনিয়োগের পাশাপাশি আমাদের দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে।

প্রতি বছর নতুন ২২ লাখ তরুণ শ্রমশক্তিতে যুক্ত হয় উল্লেখ করে তিনি বলেন, আমাদের উচিত এ শ্রমশক্তিকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা।

বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিডার মহাপরিচালক মো. জিয়াউল হক, পরিচালক মো. আরিফুল হক, সিনিয়র সহকারী সচিব মহুয়া শারমিন ফাতেমা প্রমুখ।

সভায় জানানো হয়, বাংলাদেশের বেসরকারি খাত বেগবান করতে ও দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর বিনিয়োগ বোর্ড ও বেসরকারিকরণ কমিশনকে একীভূত করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গঠিত হয়।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com