October 24, 2026, 1:00 am
দুই বছরে ষষ্ঠবারের মতো একই জায়গা থেকে হীরা পেয়েছেন এক কৃষক। সম্প্রতি পাওয়া হীরাটি ৬ দশমিক ৪৭ ক্যারেটের বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
ভারতের মধ্য প্রদেশের পান্না জেলায় সরকারের কাছ থেকে লিজ নেওয়া জমি থেকে ভালো মানের ওই হীরা পাওয়া গেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
এ ব্যাপারে খনির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নতুন জৈন জানান, জারুড়াপুর গ্রামের ওই খনি থেকে প্রকাশ মজুমদার নামে এক কৃষক ওই হীরা খুঁজে পান।
ওই হীরাটি শিগশিরই নিলামে তোলা হবে এবং সরকারের নির্দেশনা অনুযায়ী দাম নির্ধারণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে প্রকাশ মজুমদার জানান, তারা পাঁচজন মিলে ওই খনিতে খনন চালানোর অনুমতি নিয়েছিলেন। হীরা বিক্রির অর্থ পাঁচজন মিলে ভাগ করে নেবেন বলে জানিয়েছেন তিনি।
এই নিয়ে সেখান থেকে দুই বছরে ষষ্ঠবারের মতো হীরা পেলেন প্রকাশ। গত বছর ৭ দশমিক ৪৪ ক্যারেটের একটি হীরা পেয়েছিলেন তিনি।
পান্না জেলায় ১২ লাখ ক্যারেটের মতো হীরার মজুদ আছে বলে ধারণা করা হয়। রাজ্য সরকার সেখানকার জমি ছোট ছোট অংশে ভাগ করে স্থানীয় কৃষক আর খনি শ্রমিকদের কাছে নির্দিষ্ট সময়ের জন্য লিজ দিয়েছে। হীরা পাওয়ার পর তারা সেটা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেন। সরকারের তরফ থেকে নিলামের আয়োজন করে সেই হীরা বিক্রি করা হয়।