July 10, 2026, 11:17 am
বারাকা পতেঙ্গা পাওয়ার কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার বরাদ্দ দেয়ার ক্ষেত্রে ভুল করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এই ভুল সংশোধন না করেই ডিএসই থেকে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে ‘এন’ গ্রুপে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হবে।
ডিএসই কর্তৃপক্ষ ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) সফটওয়্যারের মাধ্যমে বারাকা পতেঙ্গা পাওয়ারের আইপিও শেয়ার বরাদ্দ দিতে গিয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রায় ১৫ লাখ শেয়ার কম দিয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের ভাগের এই শেয়ার প্রবাসী (এনআরবি) এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের দেয়া হয়েছে। যার সিংহভাগ পেয়েছেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।
নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির দেয়া সম্মতিপত্র (কনসেন্ট লেটার) অনুযায়ী, বারাকা পতেঙ্গা কোম্পানি আইপিওতে মোট ৭ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ৪৮৮টি শেয়ার ইস্যু করেছে। এর মধ্যে যোগ্য বিনিয়োগকারীদের (ইআই) দেয়া হয় ৩ কোটি ৬৮ লাখ ৮৫ হাজার ২৮৮টি। বাকি ৩ কোটি ৬৮ লাখ ৮৫ হাজার ২০০টি শেয়ার বিনিয়োগকারীদের বিভিন্ন ক্যাটাগরিতে (ইআই ব্যতীত) নিয়ম অনুযায়ী ভাগ করে দেয়ার কথা। সেটাও বিএসইসি কনসেন্ট লেটারে ঠিক করে দিয়েছে।
বিএসইসির কনসেন্ট লেটার অনুযায়ী, আইপিওর ৩ কোটি ৬৮ লাখ ৮৫ হাজার ২০০টি শেয়ারের মধ্যে প্রবাসী বিনিয়োগকারীরা ৭৩ লাখ ৭৭ হাজার শেয়ার দেয়া কথা। বাকি ২ কোটি ৯৫ লাখ ৮ হাজার ২০০টি শেয়ারের মধ্যে ২০ শতাংশ বা ৫৯ লাখ ১ হাজার ৬৪০টি শেয়ার ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের দেয়ার কথা। আর সাধারণ বিনিয়োগকারীদের পাওয়ার কথা ২ কোটি ৩৬ লাখ ৬ হাজার ৫৬০টি শেয়ার।
কিন্তু ডিএসই কর্তৃপক্ষ ভুলে করে সাধারণ বিনিয়োগকারীদের ১৪ লাখ ৭৫ হাজার ৪৫৬টি শেয়ার কম দিয়েছে। বিপরীতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ১৪ লাখ ৭৫ হাজার ৪০৮টি এবং প্রবাসী বিনিয়োগকারীদের ৪৮টি শেয়ার বেশি দিয়েছে।
ডিএসইর এমন ভুল করায় সাধারণ বিনিয়োগকারীরা ৫৮টির পরিবর্তে ৫৪টি করে শেয়ার পেয়েছেন। অর্থাৎ প্রত্যেক সাধারণ বিনিয়োগকারী ৪টি করে শেয়ার কম পেয়েছেন। অপরদিকে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা ২০টি করে শেয়ার বেশি পেয়েছেন। ফলে তারা ৭৭টির বদলে ৯৭টি করে শেয়ার পেয়েছেন।
শেয়ার বরাদ্দের ক্ষেত্রে হওয়া এই ভুল নিয়ে গত ১২ জুলাই ‘বারাকা পতেঙ্গার আইপিও : ডিএসইর ভুলে কপাল পুড়েছে বিনিয়োগকারীদের’ শিরোনামে জাগো নিউজে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
এরপর ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান ডিএসইর ম্যানেজমেন্টের কাছে ভুলের বিষয়টি জানতে চান। আর ডিএসইর ম্যানেজমেন্ট’র পক্ষ থেকে চেয়ারম্যানকে বলা হয় বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
তবে চেয়ারম্যানকে এমন আশ্বাস দেয়া হলেও ভুল সংশোধন না করেই বুধবার ডিএসইর ম্যানেজমেন্ট বারাকা পতেঙ্গা পাওয়ার শেয়ার লেনদেন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হবে। এ ক্ষেত্রে বারাকা পতেঙ্গা পাওয়ারের কোম্পানি কোড হবে ‘১৫৩২৪’ এবং লেনদেন কোর্ড হবে ‘বিপিপিএল’।
যোগাযোগ করা হলে ডিএসইর একাধিক সদস্য জানান, শেয়ার বরাদ্দের ক্ষেত্রে ভুল হলে ডিএসইর ম্যানেজমেন্ট তা বাতিল করে আবার সঠিকভাবে বরাদ্দ দিতে পারতেন। কিন্তু লেনদেন শুরু হয়ে গেলে ভুল সংশোধন করা জটিল হয়ে যাবে।
এ বিষয়ে বুধবার ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারির সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।