July 21, 2026, 4:36 pm

ফের হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড

ফের হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড

ম্যাচের ৮৩ সেকেন্ডে গোল হজমের পর ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে দাঁড়াল বটে। কিন্তু শেষ রক্ষা হলো না। প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তলানির দল ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে উলে গুনার সুলশারের দল।

ওয়েস্ট ব্রমউইচের মাঠে রোববার ম্যাচটি ১-১ ড্র হয়েছে। মাবিয়া দিয়াগনের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর সমতা ফেরান ব্রুনো ফের্নান্দেস।

লিগে এই নিয়ে টানা দুই ম্যাচে পয়েন্ট হারাল ইউনাইটেড। গত রাউন্ডে এভারটনের সঙ্গে ৩-৩ ড্র করেছিল প্রতিযোগিতার সফলতম দলটি।

শুরুতেই এগিয়ে যায় ওয়েস্ট ব্রমউইচ। কনর গ্যালাগার ক্রসে কাছ থেকে হেডে বল জালে পাঠান সেনেগালের ফরোয়ার্ড দিয়াগনে।

অধিকাংশ সময় বল দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারছিল না ইউনাইটেড। ২৩তম মিনিটে মার্কাস র‍্যাশফোর্ডের ক্রস দূরের পোস্টে পেয়ে বাইরে দিয়ে মারেন অঁতনি মার্সিয়াল।

বিরতির আগে সমতায় ফেরে সফরকারীরা। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে লুক শর ক্রসে দারুণ ভলিতে ঠিকানা খুঁজে নেন পর্তুগিজ মিডফিল্ডার ফের্নান্দেস।

৬৩তম মিনিটে হ্যারি ম্যাগুইয়ার প্রতিপক্ষের ডি-বক্সে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিএআরে বদলে যায় সিদ্ধান্ত।

৭১তম মিনিটে ইউনাইটেড এগিয়ে যেতে পারতো। ম্যাসন গ্রিনউডের শট গোলরক্ষক ঠেকানোর পর কাছ থেকে স্কট ম্যাকটমিনের প্রচেষ্টা গোললাইন থেকে ফেরান এক ডিফেন্ডার। খানিক পর ডাবল সেভ করে ইউনাইটেডের ত্রাতা দাভিদ দে হেয়া।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ভাগ্যের ফেরে জয়সূচক গোল পায়নি সুলশারের দল। শর ক্রসে ম্যাগুইয়ার হেডে গোলরক্ষকের হাত ছুঁয়ে বল পোস্টে লাগে।

২৪ ম্যাচে ১৩ জয় ও সাত ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে আছে ওয়েস্ট ব্রমউইচ।

২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com