July 17, 2026, 2:44 am
বাংলাদেশে এলএনজি রফতানি করতে আগ্রহী মালয়েশিয়া। রোববার (৭ ফেব্রুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এই আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস সাংবাদিকদের এ তথ্য ব্রিফ করেন।
সাক্ষাতে মালয়েশিয়ার রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশে এলএনজি রফতানি করতে আগ্রহী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বাংলাদেশে এলএনজির চাহিদার কথা উল্লেখ করেন।
এছাড়াও বাংলাদেশে শিক্ষা ও জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে মালয়েশিয়ার আগ্রহের কথা জানান হাইকমিশনার। দুই দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মালয়েশিয়ার হাইকমিশনার।
রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়া সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে জানান তিনি। এ সময় রোহিঙ্গারা স্বেচ্ছায় কক্সবাজার থেকে ভাসানচরে যাওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষে প্রতিটি ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য ঘর করে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী।
বিজনেস নিউজ/এমআরএম