August 24, 2026, 10:25 am

লিভারপুলকে হারিয়ে এফএ কাপের শেষ ষোলোতে জায়গা করে নিল ম্যান ইউ

লিভারপুলকে হারিয়ে এফএ কাপের শেষ ষোলোতে জায়গা করে নিল ম্যান ইউ

শুরুতে পিছিয়ে পড়া ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে দাঁড়াল দুর্দান্তভাবে। পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে লিভারপুলকে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠল উলে গুনার সুলশারের দল।

নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে রোববার ৩-২ ব্যবধানে জিতেছে প্রতিযোগিতাটির দ্বিতীয় সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন ইউনাইটেড। মোহামেদ সালাহর গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার পর সমতা টানেন ম্যাসন গ্রিনউড। মার্কাস র‍্যাশফোর্ড ইউনাইটেডকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান সালাহ। বদলি নেমে জয়সূচক গোলটি করেন ব্রুনো ফের্নান্দেস।

গত সপ্তাহে অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে দুই দলের মুখোমুখি লড়াই গোলশূন্য ড্র হয়েছিল।

শুরুর একাদশে ফেরা দুই ফরোয়ার্ডের নৈপুণ্যে ১৮তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। রবের্তো ফিরমিনোর পাস ধরে ডি-বক্সে ঢুকে চিপ শটে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান মিশরের ফরোয়ার্ড সালাহ।

২৬তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে সমতার স্বস্তি ফেরে স্বাগতিক শিবিরে। মাঝমাঠ থেকে র‍্যাশফোর্ডের লম্বা করে বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে গোলরক্ষক আলিসনকে পরাস্ত করেন গ্রিনউড।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে র‍্যাশফোর্ডের গোলে ইউনাইটেড এগিয়ে গেলেও তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে লিভারপুলকে সমতায় ফেরান সালাহ।

ডনি ফন ডি বিকের বদলি নেমে ব্যবধান গড়ে দেন ফের্নান্দেস। ৭৮তম মিনিটে দারুণ এক ফ্রি-কিকে জয়সূচক গোলটি করেন তিনি।

শেষ ষোলোয় ঘরের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com