August 13, 2026, 9:35 pm

নিত্যপন্যের দাম কমায় নভেম্বরে কমেছে মূল্যস্ফীতি

নিত্যপন্যের দাম কমায় নভেম্বরে কমেছে মূল্যস্ফীতি

চলতি বছরের নভেম্বরে মূল্যস্ফীতি কমেছে। এই মাসে জাতীয় পর্যায়ে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৫২ ভাগ, যা অক্টোবরে ছিল ৬ দশমিক ৪৪ ভাগ। গত বছরের নভেম্বরের তুলনায়ও মূল্যস্ফীতি কমেছে। সে সময় মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ০৫ ভাগ।

বুধবার (২ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মূল্য ও মজুরি পরিসংখ্যান শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে।

মূল্যস্ফীতির হ্রাস-বৃদ্ধি পর্যালোচনা করে বিবিএস বলছে, ডিম, ব্রয়লার মুরগি, মাছ, শাক-সবজি ও মসলার মূল্য চলতি বছরের অক্টোবরের তুলনায় নভেম্বরে কমেছে। এ সময় গ্রামীণ পর্যায়ে মূল্যস্ফীতি হয়েছে শতকরা ৫ দশমিক ৫৫ ভাগ, যা অক্টোরে ছিল ৬ দশমিক ৬৭ ভাগ। শহর পর্যায়ে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৪৭ ভাগ, যা অক্টোবরে ছিল ৬ দশমিক ০৩ ভাগ।

নভেম্বরে খাদ্য ও খাদ্য বহির্ভূত উপ-খাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে শতকরা ৬ দশমিক ০১ ও ৪ দশমিক ৬৫ ভাগ, যা অক্টোবরে ছিল যথাক্রমে ৭ দশমিক ৭৩ ও ৪ দশমিক ৬২ ভাগ।

গত এক বছরের (২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত) চলন্ত গড় মূল্যস্ফীতির হার নিরূপিত হয়েছে শতকরা ৫ দশমিক ৭৩ ভাগ। তার আগের বছরের একই সময় (২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত) চলন্ত গড় মূল্যস্ফীতির হার ছিল শতকরা ৫ দশমিক ৫৬ ভাগ।

এদিকে নভেম্বরে মূল্যস্ফীতি কমার পাশাপাশি মজুরির হার কিছুটা বেড়েছে। মাসটিতে জাতীয় পর্যায়ে মজুরির হার বেড়ে হয়েছে ৬ দশমিক ১০ শতাংশ। অক্টোবরে যা ছিল ৬ দশমিক ০৩ শতাংশ।

মজুরির হার হ্রাস-বৃদ্ধি পর্যালোচনায় বিবিএস বলছে, কৃষি খাতের শস্য কাটা শ্রমিক, নিড়ানি শ্রমিক, শিল্প খাতের চালের মিলে কর্মরত শ্রমিকদের মজুরি অক্টোবরের তুলনায় নভেম্বরে সামান্য বেড়েছে।

নভেম্বরে তিনটি বৃহৎ খাতে (কৃষি, শিল্প, সেবা) মজুরি হার হয়েছে যথাক্রমে ৬ দশমিক ৩৪, ৫ দশমিক ৫২ ও ৬ দশমিক ১১ ভাগ; যা অক্টোবরে ছিল ৬ দশমিক ২৪, ৫ দশমিক ৫১ ও ৬ দশমিক ০৫ ভাগ।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com