July 21, 2026, 5:16 pm
নদী ভাঙন রোধে দেশের বড় নদীগুলোকে ক্যাপিটাল ড্রেজিং (বড় পরিসরে খনন) করতে হবে। সারাবছর নিয়মিত ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে নদীগুলোকে মেইনট্যান্স বা রক্ষণাবেক্ষণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একনেক সভা পরিবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীল এ নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম।
ড্রেজিংয়ের বিষয়ে যেসব প্রকল্প আছে সেগুলো দ্রুত একনেকে উপস্থাপনের জন্য অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। ড্রেজিংয়ের বিষয়ে একটা স্থায়ী পরিবর্তনের এবং নিয়মিত ব্যবস্থাপনার জন্য একটা প্রকল্প নিতেও বলেছেন প্রধানমন্ত্রী বলে জানান পরিকল্পনা বিভাগের সচিব।
প্রধানমন্ত্রী নির্দেশনা তুলে ধরে আসাদুল ইসলাম বলেন, ‘নদীর প্রবাহ বা পানি ব্যবস্থাপনার ওপরে প্রধানমন্ত্রী খুব গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, নদীর প্রবাহ যেন ঠিক থাকে। কারণ ভাঙনের প্রধান কারণ হলো নদীর পানি যখন কমে যায় তখন চর পড়ে যায় বা অন্যান্য কারণে পানি বেড়ে গেলে ভাঙন শুরু হয়। ফলে তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, এসব বড় নদীতে ক্যাপিটাল ড্রেজিং করে সারা বছর একটা ম্যাইটেন্যান্স ড্রেজিংয়ের পরিকল্পনা থাকতে হবে।’
তিনি আরও বলেন, দ্রুত চর উঠার কারণে যেসব নদীর পথ পরিবর্তন হয়ে যায় বা ভাঙে – এগুলো চিহ্নিত করে ড্রেজিংয়ের ব্যবস্থা করতে হবে। একইভাবে বর্ষাকালের পানি ধরে রাখার জন্য জোন তৈরি করতে হবে। যাতে পানির স্তর, অন্যান্য ব্যবস্থাপনা, পানির পরিমাণ বজায় থাকে – এ ব্যাপারে তিনি (প্রধানমন্ত্রী) নির্দেশনা দিয়েছেন।
পানি সম্পদ মন্ত্রণালয়ের যমুনা নদীর ডানতীর ভাঙন থেকে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলাধীন সিংড়াবাড়ী, পাটাগ্রাম ও বাঐখোলা এলাকা সংরক্ষণ’ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক।
একই নদীতে এরকম ভাঙন রোধে একাধিক প্রকল্প নেয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) মো. জাকির হোসেন আকন্দ বলেন, বাংলাদেশে যে পরিমাণ পানির ফ্লো আসে, যে পরিমাণ বালু ও কাদামাটি নিয়ে আসে, এটা একদিকে আর্শিবাদ আরেকদিকে কষ্টের কারণ। আর্শিবাদ হলো নদীর পার্শ্ববর্তী কৃষি জমি, সেগুলোতে পলি পাচ্ছে। সমস্যা হলো এর ফলে আমাদের নদীগুলোতে প্রতিনিয়ত চর পড়ছে। কারণ যখন চর তৈরি হয়, মাঝখানে চর তৈরি হলে পানি হয় ডানবাম দিকে যাবে, নয়তো ভাগ হয়ে যাবে। যখন ভাগ হয়ে যায়, তখন দুই দিকে ভাঙন সৃষ্টি হয়।
জাকির হোসেন আকন্দ আরও বলেন, পরিকল্পনা সচিব বলেছেন যে, প্রধানমন্ত্রী আজকে জোর দিয়ে বলেছেন যে, নিয়মিত নদী খনন করতে হবে। আসলে কন্টিনিউয়াস ড্রেজিং ইজ নট ম্যাটার অব ফান (নিয়মিত খনন মজার বিষয় নয়)। এখন পর্যন্ত প্রত্যেকটা প্রজেক্ট বেজড অ্যাপ্রোচ হয়েছে। প্রধানমন্ত্রী আজকে বলেছেন, প্রজেক্ট বেজড অ্যাপ্রোচ থেকে সরে এসে আমাদের ক্যাপিটাল ড্রেজিং করতে হবে অ্যাজ মেইনটেন্যান্স ড্রেজিং। সেখানে যেতে হলে পানি সম্পদ সচিব ও মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি, তাতে আমাদের মেইনটেন্যান্স ড্রেজিংয়ের জন্য নিজস্ব ড্রেজার দরকার। অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব ড্রেজার দরকার। একটা ড্রেজারের দাম পড়ে প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি টাকা। আমাদের সচল ড্রেজার আছে মাত্র ৫/৬টা। তারা ভাড়া করে নিয়ে আসে। তাদের ড্রেজিং সক্ষমতা বাড়ানোর জন্য ড্রেজারের একটা প্রকল্প দিয়েছে কিছুদিন আগে। এ প্রকল্পে ৬ হাজার কোটি টাকায় তারা ড্রেজার কিনবে মাত্র ৩২টা। সুতরাং সব সমস্যার সমাধান করা যাবে না। কিন্তু বড় নদীগুলোতে আমরা স্টাডির মাধ্যমে মেইনটেন্যান্স ড্রেজিংয়ে যাবো। সেই ক্ষেত্রে নদীর ডান ও বামতীর সংরক্ষণের প্রকল্প যে ঘন ঘন আসছে, হয়তো তখন একই নদীতে এরকম এত প্রকল্প আসবে না।